২০ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের অন্তত ২০টি জেলার ওপর দিয়ে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২ মে) ভোর ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে আগের রাতে প্রকাশিত আরেক পূর্বাভাসে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু অংশে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই পূর্বাভাসে আরও জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।







