রাতের মধ্যে ৭ জেলায় কালবৈশাখীর শঙ্কা

দেশের সাত জেলার ওপর দিয়ে রাতের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সময় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৮ মে) বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
বিজ্ঞাপন
এ অবস্থায় ওইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। সংশ্লিষ্ট এলাকাগুলোতে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শও দেওয়া হয়েছে।
অন্যদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বিজ্ঞাপন
পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এ পরিস্থিতিতে স্থানীয়ভাবে ঝড়ো হাওয়া সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।






