সাগরে লঘুচাপের প্রভাব, পাঁচ দিনের বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া, ঝড়ো বাতাস এবং ভারি বর্ষণেরও আভাস দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য এ পূর্বাভাস প্রকাশ করা হয়।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এছাড়া পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৩ মে) দেশের আবহাওয়ায় আরও পরিবর্তনের আভাস দিয়েছে সংস্থাটি। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ মে) বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক এলাকাতেও ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (১৫ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিজ্ঞাপন
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে বজ্রঝড়ের ঘটনাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করা এবং আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








