Logo

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মে, ২০২৬, ১৫:৩৯
সন্ধ্যার মধ্যে ৯ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস
ফাইল ছবি

দেশের ৯ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানায় হয়।

সংস্থাটি জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে আরও বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় সক্রিয় রয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে।

বিজ্ঞাপন

এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD