Logo

দিনাজপুরে ২৪ ঘণ্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত, কমেছে তাপমাত্রা

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
১৪ মে, ২০২৬, ১৭:১১
দিনাজপুরে ২৪ ঘণ্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত, কমেছে তাপমাত্রা
ছবি প্রতিনিধি।

টানা বৃষ্টিতে ভিজেছে দিনাজপুর। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রাও, ফলে কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন মানুষ।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দিনাজপুরে এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়। একই সঙ্গে বৃহস্পতিবার (১৪ মে) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, কয়েকদিনের টানা বর্ষণের পর আজ থেকে এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে। তবে মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, চলতি মে মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হলেও মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে বৃষ্টির পরিমাণ কমতে পারে। একই সঙ্গে তাপমাত্রা বাড়ার পাশাপাশি গরমের তীব্রতাও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় জনজীবনে কিছুটা ভোগান্তি তৈরি হলেও তাপমাত্রা কমে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে সকালে শীতল আবহাওয়া অনুভূত হওয়ায় কয়েকদিনের গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD