সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দেশের আটটি অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৫ মে) দুপুরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ঝড়-বৃষ্টির আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।







