নদীবন্দরে বজ্রসহ তীব্র ঝড়ের আভাস

দেশের ২ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে এবং দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বজ্র বৃষ্টিসহ ঝড়ের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের দুই অঞ্চলে নদীবন্দরে ২ নম্বর ও অন্যত্র এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
বিজ্ঞাপন
শনিবার (২৩ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন।
আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
দেশের অন্যান্য অঞ্চলে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
বিজ্ঞাপন
এছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী জেলাগুলোতে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।







