ঈদের দিনসহ আগামী পাঁচদিন যেমন থাকতে পারে আবহাওয়া

তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঈদের দিনসহ আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কয়েকটি বিভাগে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
বিজ্ঞাপন
বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টির কারণে ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
মঙ্গলবার (২৬ মে) থেকে শুক্রবার (২৯ মে) পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বুধবার থেকে দিনের তাপমাত্রা কমতে শুরু করবে। বৃহস্পতিবার ও শুক্রবারও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। পাশাপাশি আগামী পাঁচদিন পরেও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।






