Logo

দেশজুড়ে বাড়তে পারে তাপমাত্রা, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ মে, ২০২৬, ১৩:২৩
দেশজুড়ে বাড়তে পারে তাপমাত্রা, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে গরম বাড়ার এই অস্বস্তির মধ্যেই স্বস্তির খবর হচ্ছে— ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ৫টি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩১ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী সোম ও মঙ্গলবার (১ ও ২ জুন) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই দুই দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এরপর বুধবার (৩ জুন) থেকে দেশের বৃষ্টিপাতের এলাকা কিছুটা বাড়তে পারে। এদিন ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

আগামী বৃহস্পতিবার (৪ জুন) বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেয়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। ওই দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের কারণে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ুর এই অগ্রগতির ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে এবং ধীরে ধীরে বর্ষাকালের আবহাওয়া সুস্পষ্ট হয়ে উঠতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD