Logo

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ জুন, ২০২৬, ১১:১৬
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের চারটি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যেই দমকা হাওয়া, ঝড় ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বেশ কয়েকটি এলাকায় এখনো তাপপ্রবাহ বিরাজ করছে। চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

তবে বৃষ্টিপাত বাড়লে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD