Logo

ঢাকাসহ ১২ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জুন, ২০২৬, ১৮:১৪
ঢাকাসহ ১২ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ছবি: জনবাণী।

রাজধানী ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা হাওয়া ও ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে। ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১০ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তাটি দিবাগত রাত ১টা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাত ১টার মধ্যে ঢাকা, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বিস্তার লাভ করেছে। বর্তমানে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত মৌসুমি বায়ুর অগ্রগতি হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের বাকি এলাকাতেও এটি ছড়িয়ে পড়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে।

বিজ্ঞাপন

মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ফলে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD