Logo

দেশের ১০ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জুন, ২০২৬, ১৭:১৮
দেশের ১০ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস
ছবি: সংগৃহীত

দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

বিজ্ঞাপন

রবিবার (১৪ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকাতেও দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD