Logo

রাতের মধ্যে ১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ জুন, ২০২৬, ১৭:৫৯
রাতের মধ্যে ১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
ছবি: সংগৃহীত

দেশের ১৭ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার পাশাপাশি বজ্রপাত ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য অংশে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় শুক্রবার (২৬ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে আপাতত দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD