সারাদেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

দেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
বিজ্ঞাপন
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
শনিবার সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তেতুলিয়ায়। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগতিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নারায়ণগঞ্জে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এ ছাড়া মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।








