সাগরে লঘুচাপের পূর্বাভাস, বাড়তে পারে বৃষ্টি

উত্তর আন্দামান সাগর ও আশপাশের এলাকায় আগামী দুই দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি শক্তিশালী হয়ে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য এই আবহাওয়াগত সিস্টেমের গতিপথ ভারতের ওড়িশা উপকূলের দিকে থাকার সম্ভাবনা বেশি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী দুই দিনের মধ্যে আন্দামান সাগরে লঘুচাপটি তৈরি হতে পারে। এরপর ধীরে ধীরে এটি ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এর গতিপথ ও শক্তি সম্পর্কে এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, সম্ভাব্য এই সিস্টেমের প্রভাবে বাংলাদেশে আগামী ২৩ সেপ্টেম্বরের পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।








