আগামী দশ দিন ঝড়-বৃষ্টির আভাস, ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ১০ দিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ জুন) সকাল ৯টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য এলাকায় এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৭ জুন) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চার বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
এ সময় রাজশাহী, নীলফামারী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময়ও চার বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বিজ্ঞাপন
রোববার (২৮ জুন) একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিন তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (২৯ জুন) রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা ও খুলনার কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এসব বিভাগের কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ জুন)ও দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসেও সারা দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।







