১১ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

দেশের ১১টি অভ্যন্তরীণ নদীবন্দর অঞ্চলে ঝড়ো আবহাওয়ার সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২২ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদী অববাহিকায় চলাচলকারী নৌযানগুলোকে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে আজ সকালে দেওয়া পৃথক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।







