Logo

লঘুচাপের বিস্তৃত প্রভাবে বাড়তে পারে বজ্রসহ বৃষ্টি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জুন, ২০২৬, ২০:৫৫
লঘুচাপের বিস্তৃত প্রভাবে বাড়তে পারে বজ্রসহ বৃষ্টি
ছবি: সংগৃহীত

দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২১ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের ডিমলায়। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, যা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলায় ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

সিনপটিক পরিস্থিতি সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয় অবস্থায় রয়েছে এবং দেশের অন্যান্য এলাকায় মোটামুটি সক্রিয় রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য অংশে মৌসুমি বায়ুর প্রভাব বর্তমানে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD