রাতের মধ্যে ১০ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের ১০ জেলার ওপর দিয়ে রাতের মধ্যে অস্থায়ী ঝড় ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২০ জুন) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য অংশে এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। একই সঙ্গে একটি লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বিজ্ঞাপন
এ অবস্থায় রবিবার (২১ জুন) সকাল ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দেশের কোথাও কোথাও।







