জুলাইয়ে বৃষ্টি, তাপপ্রবাহ ও বন্যার আশঙ্কা

চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। একই সঙ্গে মাসজুড়ে বজ্রপাত, তাপপ্রবাহ এবং ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জুলাইয়ে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সঙ্গে চলতি জুলাইয়ে দেশে ৮ থেকে ৯ দিন বজ্রপাত হতে পারে।
দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। সেই সঙ্গে জুলাইয়ে বিচ্ছিন্নভাবে দেশে এক থেকে দুটি মৃদু (৩৬-৩৭.৯° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আর চলতি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, মৌসুমি বৃষ্টিপাতের কারণে চলতি মাসে দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। ভারী বর্ষণের প্রভাবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।








