Logo

দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই, ২০২৬, ১০:৪৪
দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে দেশের ৯টি অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে শনিবার রাতে প্রকাশিত আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। ফলে নিচু এলাকা ও পাহাড়ি অঞ্চলে সাময়িক জলাবদ্ধতা বা স্থানভেদে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্তমানে রংপুর বিভাগের পাশাপাশি রাজশাহী, পাবনা, নওগাঁ, ঢাকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, কক্সবাজার এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টিপাতের কারণে দেশের কয়েকটি এলাকায় এই তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এবং তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD