ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’, সতর্কতা জারি

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রের গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে দ্রুত এগিয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’। সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় ইতোমধ্যে বাসিন্দারা ঘরবাড়ি সুরক্ষিত করতে এবং জরুরি প্রস্তুতি নিতে শুরু করেছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু।
মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠতে পারে। তাই ওই অঞ্চলের বাসিন্দাদের অন্তত একটি শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মোকাবিলার মতো প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বশেষ তথ্যানুযায়ী, টাইফুন বাভি মার্শাল দ্বীপপুঞ্জ ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিল। যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) জানিয়েছে, তখন ঝড়টির বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৬৭ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ছিল ঘণ্টায় ২০৩ কিলোমিটার।
জেটিডব্লিউসির পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমমুখী অগ্রসর হওয়া বাভি শিগগিরই সুপার টাইফুনে পরিণত হতে পারে। তখন এর বাতাসের গতি সর্বোচ্চ ঘণ্টায় ২৪০ কিলোমিটারে পৌঁছাবে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় তা বেড়ে ঘণ্টায় ২৭৮ কিলোমিটারে উন্নীত হতে পারে, যা ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য শক্তিশালী ঝড় হিসেবে বিবেচিত হয়।
বিজ্ঞাপন
পরে কিছুটা দুর্বল হলেও সোমবার (০৬ জুলাই) সকালে বাভি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া সংস্থার ব্যাখ্যায় বলা হয়েছে, পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বা তার বেশি বেগের বাতাসসহ সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়কে ‘সুপার টাইফুন’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। তাই ‘বাভি’র গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে।








