দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ ভারী বর্ষণের আভাস

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিজ্ঞাপন
এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ভারতের ঝাড়খণ্ড ও সংলগ্ন বিহার এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে।
আগামী ২১ থেকে ২৩ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
এই তিন দিনে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। শনিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে শুক্রবার ও রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।








