ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, থাকবে ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ রবিবার (২৩ আগস্ট) দুপুরের মধ্যে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
পূর্বাভাস অনুযায়ী, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। মেঘের প্রভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। শনিবার ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই। ফলে বৃষ্টির পরও ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।








