Logo

লঘুচাপ নিয়ে বড় দুঃসংবাদ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই, ২০২৬, ১৮:২২
লঘুচাপ নিয়ে বড় দুঃসংবাদ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে ঘনীভূত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। একই সঙ্গে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই অঞ্চলে অবস্থান করছে এবং এটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী রূপ নিতে পারে। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরসমূহ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দর - চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে গভীর সাগরে অবস্থান না করারও নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বৈরী আবহাওয়ার কারণে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD