গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের কাছে অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে ঝোড়ো হাওয়াসহ বৈরী আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সতর্কতার সঙ্গে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের এর বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে (২১.২০ উত্তর অক্ষাংশে এবং ৮৮.১০ পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।
বিজ্ঞাপন
নিম্নচাপটি সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২২০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
সোমবার সন্ধ্যা নাগাদ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে এটি। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এর গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে নিম্নচাপের কেন্দ্রের আশপাশের সাগর অত্যন্ত উত্তাল রয়েছে।








