Logo

বঙ্গোপসাগরে নিম্নচাপ, শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮
বঙ্গোপসাগরে নিম্নচাপ, শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে নিম্নচাপের তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীসহ দেশের উপকূলীয় বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে। নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়ে ভারতের অন্ধ্র ও ওডিশা উপকূলে ব্যাপক বৃষ্টির কারণ হতে পারে। তবে আপাতত এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা দেখছেন না আবহাওয়াবিদেরা।

সোমবার রাতে প্রকাশিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার রাত ৯টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, নিম্নচাপের প্রভাব ইতিমধ্যে দেশের উপকূলীয় অঞ্চলে বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে খুলনা ও বরিশাল এলাকায় এর প্রভাব দেখা যাচ্ছে। মঙ্গলবার সকালে রাজধানীতে হওয়া বৃষ্টির পেছনেও নিম্নচাপের প্রভাব রয়েছে।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন ঢাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বিরতি দিয়ে বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার সময় এ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে। নিম্নচাপের কাছাকাছি সাগরও উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD