Logo

দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, ২ সমুদ্রবন্দরে সতর্কসংকেত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:০৭
দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, ২ সমুদ্রবন্দরে সতর্কসংকেত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মিয়ানমার উপকূলের কাছে অবস্থানরত একটি গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবারও (৩০ সেপ্টেম্বর) এর প্রভাব থাকতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, গভীর নিম্নচাপটি মিয়ানমার উপকূল হয়ে বাংলাদেশের চট্টগ্রাম, হাতিয়া ও কক্সবাজার অঞ্চলে প্রভাব ফেলতে পারে। এর প্রভাবে এসব এলাকায় মঙ্গলবার থেকেই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবারও এর প্রভাব অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর–পশ্চিম দিকে এগিয়ে গতকাল মধ্যরাতে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী দু–তিন ঘণ্টার মধ্যে মিয়ানমারের কিয়াইকতো এলাকার ওপর দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে।

গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

বিজ্ঞাপন

এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে কোনো সতর্কসংকেত নেই। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগর ও উত্তর বঙ্গোপসাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এদিকে রাজধানীর আবহাওয়া সম্পর্কে আবুল কালাম মল্লিক বলেন, আজ দিনের বেলায় ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে রাতে সামান্য বৃষ্টি হতে পারে। বুধবারও (৩০ সেপ্টেম্বর) রাজধানীতে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে বৃষ্টি হতে পারে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। গত তিন দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভ্যাপসা গরম পড়েছে। চলতি মাসে ইতিমধ্যেই তিন দফায় তাপপ্রবাহ বয়ে গেছে।

বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে সেটিকে তাপপ্রবাহের পর্যায়ে ধরা হয়। তবে সোমবার ঢাকায় ৩৬ ডিগ্রি তাপমাত্রা এক দিনের জন্য থাকায় তাপপ্রবাহ ঘোষণা করা হয়নি। মঙ্গলবার এবং বুধবারও গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD