চট্টগ্রাম-সিলেটে ভারী বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের আশঙ্কা

চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য জারি করা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলাগুলোর কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতিরিক্ত বৃষ্টির কারণেই এসব এলাকায় সাময়িক জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি তৈরি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলসংলগ্ন এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি মিয়ানমারের কিয়াইকতো এলাকার কাছে উপকূল অতিক্রমের পর দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এটি মিয়ানমার ও এর আশপাশের উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।
এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় টেকনাফে সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।








