Logo

আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, সারাদেশে কমতে পরে তাপমাত্রা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৬, ২০:৪৬
আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, সারাদেশে কমতে পরে তাপমাত্রা
ছবি: সংগৃহীত

দেশের আট বিভাগেই আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময় সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসটি দিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (৩১ অক্টোবর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞাপন

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, ছত্তিশগড় ও আশপাশের এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে সাধারণ লঘুচাপে পরিণত হয়েছে। এদিকে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়।

একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে, ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD