Logo

অপহরণের ১০ দিন পার হলেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১ অক্টোবর, ২০২৫, ১৬:১৭
অপহরণের ১০ দিন পার হলেও উদ্ধার হয়নি স্কুল ছাত্রী
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ববানপুর গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী সোহানা আক্তার (১৪) অপহরণের ১০ দিন পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

পরিবারের অভিযোগ, গত ২১ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে একই গ্রামের রবিউল ইসলাম (১৯) তার বাবা আব্দুল খালিক ও সহযোগীদের নিয়ে সোহানাকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে রবিউলের পরিবার স্থানীয় মুরব্বিদের কাছে ঘটনাটি স্বীকার করে এবং বিয়ের মাধ্যমে সমঝোতার প্রস্তাব দেয়। তবে সোহানার পরিবার এতে রাজি না হয়ে গত ২৭ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

অভিযোগ রয়েছে, মামলার পরও পুলিশ এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। তারা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে ভিকটিম জীবিত না নিহত—সে নিয়েও পরিবারের মধ্যে শঙ্কা বিরাজ করছে।

বিজ্ঞাপন

অপহৃতার বড় ভাই মিলাদ মিয়া বলেন, “আমরা দেশের বাইরে থাকি। বৃদ্ধ বাবা-মা আর ছোট বোন বাড়িতে থাকত। ২১ সেপ্টেম্বর সকালে প্রকাশ্যে অপহরণের পর মামলা করলেও পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা বোনের জীবনের নিরাপত্তা চাই।”

অপহৃতার মা মনোয়ারা বেগম বলেন, “আমার মেয়ের বয়স মাত্র ১৪ বছর ৮ মাস। তাকে স্কুলে যাবার পথে অপহরণ করা হয়েছে। সে বেঁচে আছে না মারা গেছে কিছুই জানি না। প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দিন।” অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধারে আমরা গুরুত্ব সহকারে কাজ করছি। আশা করছি দ্রুত আসামি গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধার করা সম্ভব হবে।”

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD