পুলিশের মহাপরিদর্শকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বাগেরহাটের আমলাপাড়া এলাকায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঝড়ো আবহাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ চুরি সংঘটিত করে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ) গভীর রাতে প্রবল বৃষ্টি ও বিদ্যুৎ না থাকার সুযোগে একদল চোর বাড়ির সীমানার ভেতরে প্রবেশ করে। পরে তারা বিদ্যুতের মূল সংযোগ লাইন থেকে মিটার পর্যন্ত থাকা তামার তার কেটে নিয়ে যায়। চুরি হওয়া তারের পরিমাণ প্রায় দুই কয়েল, যার বাজারমূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।
পরিবারের সদস্যরা জানান, রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। এই পরিস্থিতির সুযোগ নিয়েই চোরচক্র নির্ভুলভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে। বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা থাকলেও, চোরেরা কৌশলে নজরদারি এড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।
পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে স্থানীয় এক ভাঙারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি হওয়া তামার তার স্থানীয়ভাবে বিক্রির চেষ্টা করা হতে পারে।
বিজ্ঞাপন
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই চোরচক্রকে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।








