Logo

গোপালগঞ্জে এবার বন্ধ বিকাশ-নগদের সেবা, কাস্টমার কেয়ারে তালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
২৬ নভেম্বর, ২০২৬, ১৭:০৬
গোপালগঞ্জে এবার বন্ধ বিকাশ-নগদের সেবা, কাস্টমার কেয়ারে তালা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, অধিকাংশ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, লেনদেন ও বিল পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে অধিকাংশ বিকাশ ও নগদ এজেন্টের দোকান বন্ধ দেখা যায়। কিছু দোকান খোলা থাকলেও সেখানে কোনো ধরনের আর্থিক লেনদেন করা হচ্ছে না। একই পরিস্থিতি জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও। সেবা নিতে এসে অফিসে তালা দেখে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের।

কাস্টমার কেয়ার সেন্টারের সামনে অপেক্ষমাণ গ্রাহক জাবেদ জানান, সকাল থেকে প্রয়োজনীয় টাকা সংগ্রহের চেষ্টা করেও সফল হননি তিনি।

তিনি বলেন, সকাল থেকে টাকার জন্য ঘুরছি। দোকানে গেলে বলছে সার্ভার বন্ধ অথবা টাকা নেই। কাস্টমার কেয়ারে এসে দেখি তালা মারা। জরুরি চিকিৎসার জন্য টাকা পাঠাতে হবে, কিন্তু কোনো উপায় পাচ্ছি না।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম জানান, বুধবার রাত থেকেই তিনি বিকাশে কোনো লেনদেন করতে পারছেন না। কল সেন্টারে যোগাযোগ করেও সমস্যার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাননি। বৃহস্পতিবার দুপুরে তার মোবাইলে একটি বার্তা পাঠিয়ে অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানানো হয়।

তিনি বলেন, বিকাশেই আমি নিয়মিত লেনদেন করি। আমার প্রয়োজনীয় সব টাকা বিকাশে রয়েছে। এখন টাকা ব্যবহার করতে না পারায় চরম সমস্যায় পড়েছি।

অন্যদিকে, ক্ষুদ্র ব্যবসায়ী সাজ্জাদ জানান, প্রতিদিনের ব্যবসায়িক লেনদেনের জন্য বিকাশ ও নগদের ওপর নির্ভর করতে হয় তাদের। কিন্তু এজেন্ট অফিস ও দোকান বন্ধ থাকায় টাকা ক্যাশ আউট করতে পারছেন না। কিছু নম্বর এখনো সচল থাকায় সেগুলোর মাধ্যমে আপাতত লেনদেন চালিয়ে নিচ্ছেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক জানান, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে মোবাইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে আগামী ৩০ নভেম্বর থেকে আবারও সেবা চালু হতে পারে।

হঠাৎ করে বিকাশ ও নগদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় জেলার সাধারণ গ্রাহক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিজেদের অ্যাকাউন্টে থাকা অর্থ ব্যবহার করতে না পারায় অনেকেই আর্থিক সংকটে পড়েছেন।

দ্রুত স্বাভাবিক লেনদেন চালু, এজেন্ট পয়েন্ট ও কাস্টমার কেয়ার সেন্টার খুলে দেওয়া এবং গ্রাহকদের অর্থ ব্যবহারের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD