চুয়াডাঙ্গায় আমান উল্লাহ আমানের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর গণমিছিল

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আবার একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি পৌরসভা মোড়, শহীদ হাসান চত্বর, কোর্ট মোড়, পুরোনো সাহিত্য পরিষদ, সরকারি কলেজ রোড ও করবী রোড ঘুরে টাউন ফুটবল মাঠে ফিরে আসে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানে শহরের বিভিন্ন সড়কে মুখর পরিবেশ তৈরি হয়।
চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদীর সঞ্চালনায় এবং আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিমসহ স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম পিটু বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে চুয়াডাঙ্গার বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

গণমিছিলের নেতৃত্বদানকারী আমান উল্লাহ আমান বলেন, 'নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ছাত্রসমাজ সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কোনো ষড়যন্ত্র কিংবা অপশক্তি যেন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে জন্য আমরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছি।'
তিনি আরও বলেন, 'জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে চুয়াডাঙ্গার ছাত্রজনতা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে অন্যায়, অনিয়ম ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকবে।'
গণমিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, সাবেক জেলা ছাত্রদল নেতা নাঈম হাসান ও মাসুদ রানা।
এ ছাড়া আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিমন হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য মো. সবুজ মিয়া এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি রাজন আহমেদসহ বিএনপি, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।








