ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়ীতে ৩১ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শাকিল ইসলাম ওরফে সাকিব (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় আরও একজনকে আসামি করা হয়েছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূ নিজে বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে উপজেলার আলাদিপুর ইউনিয়নের সিঁন্দুরহাটা আবাসন এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই আবাসনের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর রাত ১১টার দিকে ওই গৃহবধূ বাড়িতে টেলিভিশন দেখছিলেন। এ সময় তাঁর স্বামী বাড়িতে না থাকার সুযোগে শাকিলসহ দুই যুবক কৌশলে টিনের দরজা খুলে ঘরে প্রবেশ করেন। পরে তাঁরা জোরপূর্বক গৃহবধূর মুখ চেপে ধরে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান।
এজাহার সূত্রে আরও জানা যায়, ঘটনার পর লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি কাউকে জানাননি ওই গৃহবধূ। পরে তাঁর মুখ ও শরীরে আঁচড়ের চিহ্ন দেখে পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে তিনি তাঁদের কাছে ঘটনার বিবরণ দেন। এরপর বুধবার রাতে থানায় গিয়ে দুইজনের বিরুদ্ধে মামলা করেন তিনি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গৃহবধূর দায়ের করা মামলার ভিত্তিতে শাকিল ইসলাম ওরফে সাকিবকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








