চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন, আন্দোলনের হুঁশিয়ারি

টাঙ্গাইলের সখীপুরে গ্রেপ্তার হওয়া চার সাংবাদিকের নিঃশর্ত মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দ্রুত দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ বিভাগীয় ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক, বাংলাদেশ সম্পাদক প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান, সংগঠনটির পরিচালক মোহাম্মদ আলী আবির, কেন্দ্রীয় সদস্য জামাল উদ্দিন খান, ময়মনসিংহ জেলা সভাপতি ইয়াহিয়া আরিফ, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম রাব্বি এবং বিভাগীয় আহ্বায়ক বিল্লাল হোসেন মানিকসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, সখীপুরের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাঁদের নিঃশর্ত মুক্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে চার সাংবাদিকের মুক্তি নিশ্চিত করা না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।








