Logo

কুষ্টিয়া কারাগারের ফটকে ককটেল হামলা, নিরাপত্তা জোরদার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২৬ নভেম্বর, ২০২৬, ১৭:২১
কুষ্টিয়া কারাগারের ফটকে ককটেল হামলা, নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি এ হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দে কারাগারের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিজ্ঞাপন

পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কুষ্টিয়া জেলা কারাগারের সামনে আসে। পরে সড়কের ওপর থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে তারা। বিস্ফোরণের পরপরই মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। হামলাকারীদের শনাক্ত করতে কারাগার ও আশপাশের এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এসব ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে সড়কের ওপর থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। তবে বিস্ফোরণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি কারাগারের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে পালিয়ে যায়। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় কুষ্টিয়া জেলা কারাগার এবং এর আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে হামলাকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD