Logo

বিএনপির প্রচারণায় হামলা, ৩ শিশুসহ ৫ জন গুলিবিদ্ধ

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৫
বিএনপির প্রচারণায় হামলা, ৩ শিশুসহ ৫ জন গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বিএনপির নির্বাচনী প্রচারণা চলাকালে দুর্বৃত্তদের অতর্কিত গুলিবর্ষণে তিন শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে ২০ থেকে ২৫ জন সমর্থক একটি মিনি ট্রাক নিয়ে এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। প্রচারণার সময় গান বাজানো ও স্লোগানের কারণে আশপাশের মানুষ সড়কের পাশে জড়ো হন। ঠিক সেই সময় হঠাৎ অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলের আশপাশে থাকা পাঁচজন গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রচারণার গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে এবং উপস্থিত লোকজন ছোটাছুটি শুরু করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পাশের একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। দুই শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন—হ্নীলা ইউনিয়নের মোচনী গ্রামের বাসিন্দা বাচা মিয়া (৪৫), আলীখালী গ্রামের শাহাব উদ্দিন (১১), একই এলাকার শিশু নুসরাত জান্নাত রাফি (১৮ মাস), পার্শ্ববর্তী একটি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহমান (৩৭) এবং আরেক কিশোর মোহাম্মদ জিসান (১৩)।

বিজ্ঞাপন

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন বাচা মিয়া জানান, তিনি একটি বিয়ের ডেকোরেশনের কাজে আলীখালী এলাকায় ছিলেন। কাছেই একটি নির্বাচনি প্রচারণার গাড়ি থেকে গান বাজানো হচ্ছিল। হঠাৎ বিকট শব্দ শুনে প্রথমে বারুদের শব্দ ভেবেছিলেন। পরে বুঝতে পারেন তার হাতে গুলি লেগেছে। কারা গুলি করেছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

বাঁ পায়ে গুলিবিদ্ধ আব্দুর রহমান জানান, নামাজ শেষে সড়কের পাশে দাঁড়িয়ে প্রচারণা দেখছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।

গুলিবিদ্ধ শিশু নুসরাত জান্নাত রাফির মা জানান, তিনি মেয়েকে নিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ গুলি এসে রাফির পিঠে লাগে। অন্যদিকে কিশোর শাহাব উদ্দিনের কোমরে গুলি লেগেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

এদিকে ক্যাম্প এলাকায় দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, নির্বাচনি প্রচারণার সময় জনসমাগমের সুযোগ নিয়ে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD