Logo

নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা, আহত ১

profile picture
জেলা প্রতিনিধি
নড়াইল
২৯ মার্চ, ২০২৬, ১২:২০
নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা, আহত ১
ছবি: সংগৃহীত

নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পাওয়াকে কেন্দ্র করে তীব্র বাকবিতণ্ডার জেরে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। অভিযুক্ত ট্রাকচালক পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় ‘মেসার্স তানভীর ফিলিং স্টেশন’-এর পাশে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত নাহিদ সর্দার (৩৩) ওই ফিলিং স্টেশনের ম্যানেজার এবং তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা আকরাম সর্দারের ছেলে।

বিজ্ঞাপন

পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদ্দীন জানান, ট্রাকচালক মো. সুজাত তেল নিতে এসে পাম্পে তেল না থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় ম্যানেজার নাহিদ সর্দারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুজাত প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, “তোকে আজ ট্রাকের নিচে চাপা দেব।”

পাম্পের কর্মচারী সোহান ইসলাম জানান, হুমকি দেওয়ার পরও ট্রাকচালক ঘটনাস্থলে অবস্থান করছিলেন। পরে রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নাহিদ সর্দার তার পরিচিত জিহাদুল ইসলামকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ পর ট্রাকচালক সুজাত ট্রাক ঘুরিয়ে তাদের পিছু নেন। সন্দেহ হলে পাম্পের দুই কর্মী মোটরসাইকেলে তাদের অনুসরণ করেন। পরে তারা দেখতে পান, ট্রাকচালক নাহিদ সর্দারকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছেন।

ঘটনাস্থলেই নাহিদ সর্দারের মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নিহতের চাচাতো ভাই মঞ্জুর সর্দার অভিযোগ করে বলেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। হুমকি দেওয়ার পরই ট্রাকচালক ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, অভিযুক্ত ট্রাকচালক ও ট্রাকটি আটক করতে অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই ভয়াবহ রূপ নেওয়া এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD