অবৈধভাবে ৩ হাজার লিটার ডিজেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে রাখার অভিযোগে আবুল হোসেন (৬৫) নামে এক তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় অবস্থিত বাবর আলী মার্কেটে তার দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে ওই মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় আবুল হোসেনের দোকানে প্রায় ৩ হাজার লিটার ডিজেল অবৈধভাবে মজুদ করে রাখার সত্যতা পাওয়া যায়। পরে প্রযোজ্য আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, জব্দ করা ডিজেল ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








