সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল রাজাপুরে অর্ধশত পরিবারে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে আগামীকাল বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন অর্ধশতাধিক পরিবার। এ উপলক্ষে ইতোমধ্যে এলাকায় ঈদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডহরশংকর গ্রামের দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার। তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদের খতিব মো. আব্দুল্লাহ।
আরও পড়ুন: ঈদের আগে বজ্রপাতে কোরবানির গরুর মৃত্যু
তিনি বলেন, ২০১১ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছি। শুরুতে কিছু বাধা থাকলেও এখন এলাকাবাসী বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করেছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের প্রায় ৫০টির বেশি পরিবার দীর্ঘদিন ধরে সৌদি আরবের চাঁদ দেখার হিসাব অনুযায়ী রোজা ও ঈদ উদযাপন করে আসছেন। তাদের দাবি, পূর্বপুরুষদের সময় থেকেই এ ধর্মীয় চর্চা চলে আসছে।
ঈদকে ঘিরে ইতোমধ্যে গ্রামজুড়ে উৎসবের আমেজ দেখা গেছে। ঘরে ঘরে তৈরি করা হয়েছে নানা ধরনের পিঠা, মিষ্টান্ন ও খাবার। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করবেন। পরে ধর্মীয় বিধান অনুযায়ী কোরবানির পশু জবাই করা হবে।
বিজ্ঞাপন
দারুস সুন্নাহ জামে মসজিদের মুসল্লি গাজী রবিউল ইসলাম অনিক, সাওকাত হাওলাদার ও অলিউল্লাহ জানান, তারা চাঁদ দেখার ভিত্তিতেই রোজা ও ঈদ পালন করেন। নবীজি (সা.)-এর সুন্নাহ অনুসরণ করেই তারা এই প্রথা চালিয়ে যাচ্ছেন।
মসজিদের খতিব মো. আব্দুল্লাহ বলেন, আমরা সৌদি আরবে ঈদের ঘোষণা আসার পর থেকেই প্রস্তুতি গ্রহণ করি। প্রতিবছরের মতো এবারও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করা হবে। নারী ও পুরুষের জন্য আলাদা জামাতের ব্যবস্থাও রাখা হয়েছে।








