Logo

জীবননগরে ভুয়া দলিল করে জমি দখলের অভিযোগ, সন্তানদের নিয়ে অসহায় মা

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
২৬ মে, ২০২৬, ২০:৫৪
জীবননগরে ভুয়া দলিল করে জমি দখলের অভিযোগ, সন্তানদের নিয়ে অসহায় মা
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাহাপুর গ্রামে ভুয়া দলিলের মাধ্যমে বসতভিটা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় নার্সারি ব্যবসায়ী ওমর ফারুকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহাপুর গ্রামের নিধিকুন্ড মৌজার ৬৩ নম্বর আরএস খতিয়ানে বসতবাড়িসহ ৪ শতক ৮৬ পয়েন্ট জমি ওমর ফারুক তার স্ত্রী আকলিমা খাতুন আখির নামে রেজিস্ট্রি করে দেন। দলিল নম্বর ১৪৪৯ অনুযায়ী দীর্ঘদিন ধরে ওই জমিতে বসবাস করে আসছিলেন আখি।

ভুক্তভোগী পরিবারের দাবি, সম্প্রতি আখি বাবার বাড়িতে গেলে অভিযুক্ত ওমর ফারুক ৬০-৭০ জন সহযোগী নিয়ে বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক দখল নেয়। এ সময় ঘরের মালামাল বাইরে ফেলে দেওয়া হয়। পাশাপাশি ঘরে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও ৭৫ হাজার টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

আখি বলেন, আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বাড়িটি ভোগদখল করে আসছি। ২০২৪ সালের এপ্রিলে আমার স্বামী জমিটি আমার নামে রেজিস্ট্রি করে দেন। আমি বাবার বাড়িতে গেলে ওমর ফারুক দলবল নিয়ে বাড়ি দখল করে নেয়। বাধা দিলে আমাকে ও আমার সন্তানদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। মেয়েকে কু-প্রস্তাবও দেওয়া হয়েছে।

তবে অভিযুক্ত ওমর ফারুক অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জমি নিয়ে আদালতে মামলা চলছে। আমি আইনগতভাবেই আমার অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD