দুই দিন আগেই ভক্তদের নিয়ে ঈদের নামাজ পড়লেন পীর

ফরিদপুরের সদরপুর উপজেলার একটি দরবার শরীফে দুই দিন আগেই ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ভক্তরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দরবার শরীফ মসজিদে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন রামচন্দ্রপুর দরবার শরীফের পীর শাহ্ সুফি মো. রবিন হাসান মোস্তাক। এতে দরবারের ভক্তবৃন্দসহ স্থানীয় প্রায় ৩০টি পরিবারের মানুষ অংশ নেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই দরবার শরীফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। তবে এবারই প্রথম তারা দেশের নির্ধারিত সময়ের দুই দিন আগে ঈদের নামাজ আদায় করলেন।
নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
পীর শাহ্ সুফি মো. রবিন হাসান মোস্তাক বলেন, আমরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে থাকি। ইসলামি শরিয়তের বিধান অনুসরণ করেই এ আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার সকালে পশু কোরবানি করা হবে।
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে।








