সিরাজগঞ্জে ৫ হাজার বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচীর উদ্বোধন

সারাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জে ৫ হাজার বৃক্ষ রোপন ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৩ জুন) বেলা ১২টায় শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে ও অ্যাডমিকির সহযোগিতায় কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম।
উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, প্রাথমিক এই কর্মসূচীর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সমগ্র জেলায় ৩০ হাজারেরও বেশি বৃক্ষ রোপন করা হবে। সিরাজগঞ্জ জেলাকে সবুজায়িত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি সর্বস্তরের মানুষকে চারা রোপনে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫ ধরনের ফলজ বৃক্ষের চারা প্রতি শিক্ষার্থীকে ২ টি করে বিতরণ করা হয়। তাছাড়া কলেজ প্রাঙ্গণেও চারা রোপন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অ্যাডমিকি ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমুল শাহাদত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








