Logo

‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্য ঘিরে বিএনপি-জামায়াতের উত্তেজনা

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
৫ আগস্ট, ২০২৬, ১৬:৫৩
‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্য ঘিরে বিএনপি-জামায়াতের উত্তেজনা
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তী কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ কামরুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাতের জন্য নাম ঘোষণা করা হলে উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন নেতা উপস্থিতদের উদ্দেশে ‘এখানে ফ্যাসিস্টের দোসর রয়েছে’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানান উপস্থিত জামায়াতের নেতারা। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, যা অনুষ্ঠানে সাময়িক উত্তেজনার সৃষ্টি করে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় সংসদ সদস্য অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আশরাফুল আলম জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উভয় পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে নির্ধারিত সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দিবসের অবশিষ্ট কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

ঘটনার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে সরকারি কর্মসূচি সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে আয়োজন করা যায়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD