Logo

বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় আটক

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
১১ আগস্ট, ২০২৬, ১৮:০৬
বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় আটক
ছবি: প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে নোম্যান্সল্যান্ড এলাকায় কাজ করার সময় এক বাংলাদেশি বৃদ্ধকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর কিছুক্ষণ পর সীমান্ত এলাকায় অবস্থান করা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের লোকজন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। বিএসএফের হাতে আটক বাংলাদেশি নাগরিক হলেন ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে আব্দুল মান্নান (৭০)।

আব্দুল মান্নানের নাতি ইব্রাহিম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ির পাশে ঝালের জমিতে কীটনাশক দিতে যান তার দাদা। এ সময় ১২৪/৪-এস সীমান্ত পিলারের কাছ থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

এদিকে আব্দুল মান্নানকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর কিছুক্ষণ পর ১২৩/৩-এস সীমান্ত পিলার এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে ধরে আনেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের লোকজন। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশি ওই কৃষক সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন ভারতীয় কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। পরে স্থানীয়রা সীমান্ত এলাকায় থাকা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের হস্তান্তরের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিষয়টি বড় কোনো ঘটনা নয়। ভারতীয় কৃষিজমিতে কাজ করার সময় একজন বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে গেছে। পরে বাংলাদেশের পক্ষ থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করে নিয়ে আসা হয়েছে। দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD