ডিমলা থানার ছাদ ধসে আহত এএসআই, নষ্ট সরকারি কম্পিউটার

নীলফামারীর ডিমলা থানার জরাজীর্ণ ভবনে আবারও দুর্ঘটনা ঘটেছে। থানার ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে আহত হয়েছেন এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। একই সময় ছাদের ভেঙে পড়া অংশের আঘাতে সরকারি কাজে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটারও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৪ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে থানার ডিউটি অফিসারের কক্ষে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন এএসআই মো. মসলিম উদ্দিন। দায়িত্ব পালনকালে হঠাৎ কক্ষের ছাদের বড় একটি অংশের পলেস্তারা খুলে তার কাঁধের ওপর পড়ে। এতে তিনি আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আহত এএসআই মো. মসলিম উদ্দিন বলেন, রাতে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলেন তিনি। হঠাৎ ছাদের পলেস্তারা খুলে তার ওপর পড়ে। এতে তার কাঁধে আঘাত লাগে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে পলেস্তারা খসে পড়ার সময় নিচে থাকা থানার সরকারি ডেস্কটপ কম্পিউটারটির ওপরও তা পড়ে। এতে কম্পিউটারটি ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে যায়। ফলে থানার দাপ্তরিক কার্যক্রমে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে। তিনি গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন। শনিবার প্রয়োজনীয় মেরামতের উদ্যোগ নেওয়া হতে পারে।
ওসি আরও বলেন, দুর্ঘটনা কখনো আগে থেকে বলে আসে না। এর আগে থানায় দায়িত্ব পালন করা কর্মকর্তারাও নতুন ভবনের জন্য চাহিদা পাঠিয়েছেন। আশা করা হচ্ছে, দ্রুত নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
গুরুত্বপূর্ণ একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা খসে পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় থানার ভবনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কার করা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন পুলিশ সদস্য ও স্থানীয়রা।








