মাদক-অনলাইন জুয়ার বিরুদ্ধে কথা বলায় শিক্ষককে হামলা, রাবিতে মানববন্ধন

মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় লালমনিরহাট সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আরিফুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (ACCE) গ্রুপ এবং লালমনিরহাট জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে কথা বলার কারণে একজন শিক্ষককে হামলার শিকার হতে হয়েছে। এটি শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণের ঘটনা নয়; বরং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্যও উদ্বেগজনক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তারা বলেন, সমাজে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে যারা সোচ্চার হচ্ছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একজন শিক্ষক অপরাধের বিরুদ্ধে কথা বলার কারণে হামলার শিকার হলে ভবিষ্যতে অন্যরাও প্রতিবাদ করতে ভয় পেতে পারেন।
মানববন্ধন থেকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি আহত শিক্ষক আরিফুল ইসলামের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিলীপ কুমার।
বিজ্ঞাপন
এ সময় আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং লালমনিরহাটের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








