১৫ আগস্ট ঘিরে নলছিটিতে আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

১৫ আগস্টকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা ঠেকাতে ঝালকাঠির নলছিটিতে পুলিশের বিশেষ মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়া চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়। এর আগে কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও মহড়া চলাকালে চারজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সুবিদপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান আকন্দ, কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম মল্লিক, দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সুবিদপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং নলছিটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিসাদুল ইসলাম তানভীর।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, শুক্রবার বিকেল থেকে ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে মোটরসাইকেল মহড়া শুরু হয়। পুলিশের একাধিক মোটরসাইকেল ও পিকআপ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় টহল দেয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারির পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা যাতে না ঘটে, সে জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সতর্ক অবস্থানের অংশ হিসেবে পুরো উপজেলায় মহড়া দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








