মেহেরপুরে তিন স্থানে বোমাসদৃশ বস্তু, বঙ্গবন্ধুর ভাষণ ঘিরে চাঞ্চল্য

১৫ আগস্ট সকালে মেহেরপুর পৌর শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এসব বস্তু থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণও শোনা যাচ্ছিল। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এগুলো ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।
বিজ্ঞাপন
শনিবার (১৫ আগস্ট) ভোরে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় একটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে সেখানে লোকজন জড়ো হন। পরে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।
এর কিছুক্ষণ পর শহরের গুরুত্বপূর্ণ কোর্ট মোড় এলাকা থেকেও একই ধরনের আরেকটি বস্তু উদ্ধার করা হয়। পরে সোনালী ব্যাংক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের মধ্যবর্তী স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় তৃতীয় বস্তুটি দেখতে পান স্থানীয়রা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয়দের ভাষ্য, তিনটি বস্তুর আকৃতি অনেকটা বোমার মতো ছিল। এর মধ্যে সাবেক জনপ্রশাসনমন্ত্রীর বাসভবনের সামনে ঝুলিয়ে রাখা বস্তুটি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনা যাচ্ছিল। ফলে ১৫ আগস্টের সকালে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় একই ধরনের বস্তু দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।








